ঐক্য গড়তে সিপিবি ও ওয়ার্কার্স পার্টির বৈঠক
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৩৩
ঐক্য গড়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় বৈঠক করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)।
সোমবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টির (মার্পবাদী) সভাপতি নূরুল হাসানের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন দলের উপদেষ্টা বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অনিল বিশ্বাস, সংগঠক অধ্যক্ষ ইসরারুল হক ও সিরাজুম মুনির। সিপিবির পক্ষে উপস্থিত ছিলেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় কমিটির সদস্য শামছুজ্জামান সেলিম।
বৈঠকে সভায় দেশে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই-সংগ্রাম গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়ে বলা হয়, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে শ্রেণি ও গণআন্দোলনের মধ্য দিয়ে বাম বিকল্প শক্তির ভিত গড়ে তুলতে হবে। তৃণমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে তুলতে দুই দলের শ্রেণি-পেশার সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণ, দমন-পীড়ন, দুর্নীতি দুর্বৃত্তায়ন, শোষণ, লুণ্ঠনের বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
