বুটেক্সসাসের প্রতিষ্ঠাবার্ষিকী
বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্বারোপ
বুটেক্সসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন আমন্ত্রিত অতিথিরা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৩০
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আবুল কাসেম।
সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, সমিতির উপদেষ্টা সেলিমা সুলতানা শিমু এবং শেলসাম ট্রেডিং কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।
এ সময় সাংবাদিক সমিতির আয়োজনে স্বরচিত গল্প লেখা প্রতিযোগিতার পুরষ্কার প্রদান ও সংগঠনের সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে ড. রিয়াজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে বিদায়ী উপদেষ্টা সেলিমা সুলতানা শিমুকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে র্যালী শুরু করে বিশ্ববিদ্যালয় ঘুরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে উপাচার্য আবুল কাসেম সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের উপর জোর দেন। এছাড়া ক্যাম্পাস সাংবাদিকদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান এবং সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয় দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সাংবাদিক লোটন একরাম প্রকৌশল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সাংবাদিকতায় আগ্রহ দেখে ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমকালের সঙ্গে বুটেক্সসাসের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।