ঢাকা উত্তর-দক্ষিণে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৫১ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৬
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি গঠন কর হয়েছে। এ লক্ষে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীতে নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী ঢাকা মহানগর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্মুল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। সভায় আরও বক্তব্য প্রদান করেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লেখক আলী আকবর টাবী, সহসাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি সমাজকর্মী সাদিকুর রহমান পরাগসহ প্রমুখ।
সম্মেলেন শাহরিয়ার কবির জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আন্দোলন বেগবান করার আহ্বান জানান। এজন্য তিনি নির্মূল কমিটির ঢাকা মহানগর নেতৃবৃন্দকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়। এতে শিক্ষাবিদ মিজান হাকিম ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক ও সমাজকর্মী আলমগীর সদস্য সচিব এবং মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক, সমাজকর্মী সুজন রায় ও সমাজকর্মী মিজানুর রহমান ইমন সদস্য সচিব নির্বাচত হন। সংবাদ বিজ্ঞপ্তি
