বয়স্ক নাগরিকদের সেবায় নজর দিতে হবে: স্পিকার
কেয়ার ইন নিড ফাউন্ডেশনের যাত্রা শুরু- সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০০:১৭ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৩:৪৩
সমাজের বয়স্ক নাগরিকদের সেবায় বিশেষ নজর দেওয়ার আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বয়স্কদের সেবার প্রতি দায়বদ্ধতা থেকে গঠিত কেয়ার ইন নিডের যাত্রা সময়োপযোগী। ব্যস্ত নাগরিক জীবনে জ্যেষ্ঠ সদস্যদের জীবনকে আনন্দদায়ক করতে কেয়ার ইন নিড বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে কেয়ার ইন নিড ফাউন্ডেশন এর আয়োজনে এবং জেসিআই ঢাকা নর্থ এর সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রেসিডেন্ট মুবিনা আসাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা নর্থের প্রেসিডেন্ট ইমরান কাদির, এনআরবি ব্যাংকের আ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং কেয়ার ইন নীড এর উপদেষ্টা মামুন মাহমুদ শাহ প্রমুখ।
মুবিনা আসাফ তার বক্তব্যে সংগঠনটি গড়ে উঠার প্রাক-ভাবনা এবং প্রতিষ্ঠা পরবর্তী লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। সহযোগী আয়োজক জেসিআই ঢাকা নর্থ এর প্রেসিডেন্ট ইমরান কাদির, এমন একটি মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানে স্পিকার বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এমন একটি দিনে কাজ শুরুর উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, বয়স্ক নাগরিকদের প্রকৃত মর্যাদা ও সম্মান দিয়ে মানসম্পন্ন পারিবারিক সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারীদের মানবিক দিকগুলোর প্রতি যত্নবান হতে হবে।
ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশে এখন থেকে ক্রমেই বয়স্ক জনসংখ্যা বাড়বে। তাদের জন্য স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সকল সেবা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে সরকার সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা প্রদান করছে। বয়স্ক নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।
ড. মশিউর রহমান বলেন, গ্রামীন সমাজ ছেড়ে জীবিকার তাগিদে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে আসা বিশালসংখ্যক জনগোষ্ঠী রয়েছে। যারা শেষ জীবনে এসে ছেলেমেয়েদের ব্যস্ততা এবং আত্মীয়হীনতার কারণে নিঃসঙ্গ এবং একাকী জীবনযাপনে বাধ্য হয়। যা তাদের জন্যও আকাঙ্ক্ষিত না। এই ধরণের মানুষগুলার মানবিক এবং প্রায়োগিক জীবনের যেকোনো সহায়তায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এনআরবি ব্যাংক এর আ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুন মাহমুদ শাহ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেসিআই ঢাকা নর্থ এবং দর্শকসারিতে উপস্থিত থাকা শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আহমেদ রায়হান আহসানউল্লাহ এবং দানিশা রহমান।
