ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়: শেখ রবি
গণসংযোগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০১:৪৭
জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে, আর এ বিজয় জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।
সোমবার বারোইখালী ও শিকদার মেডিকেল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর তিনি হেমায়েতপুরের ট্যানারি এলাকায় গণসংযোগ করেন। হাজারীবাগের অনেক ভোটার এখন ট্যানারিতে কর্মরত রয়েছেন।
এসময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ রবিউল আলম রবি বলেন, জনগণ ভোট দিতে পারলে জনগণের বিজয় হবে। জনগণের বিজয় হলে ধানের শীষের বিজয় হবে। ধানের শীষের বিজয় মানে জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়। বিএনপি'র বিজয় মানে শেখ রবিউল আলম রবির বিজয়। এটা প্রতিষ্ঠিত। এতে সন্দেহ নেই।
তিনি বলেন, মানুষ বিএনপির সরকার চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুশাসন চায়। জবাবদিহিতামূলক, জবাবদিহির রাজনীতি চায়। এর জন্য উপযুক্ত দল বিএনপি। আর উপযুক্ত নেত্রী বেগম খালেদা জিয়া। ঢাকা ১০ আসনে উপযুক্ত প্রার্থী শেখ রবিউল আলম রবি। এটা মানুষ বিশ্বাস করে এবং মানুষ ভোট দিতে চায়। জনগণ ২১ মার্চ তাদের ভোটের মাধ্যমে সুশাসনের প্রতিফলন ঘটাবে।
সরকারের উদ্দেশ্যে ধানের শীষের প্রার্থী বলেন, সরকার যদি মনে করে ঢাকা-১০ আসনে তাদের বিজয় চাই, তাহলে তারা ঢাকা-১০ আসন দখল করবে। যেভাবে জাতীয় ও সিটি নির্বাচন তারা দখল করে নিয়েছে। তাহলে তো ভিন্ন ব্যাপার। আর এটা সরকারের জন্য সুখকর হবে না। জনগণ ভোট দিতে না পারলে রাষ্ট্রের মালিকানা থাকে না, গণতন্ত্র নস্যাৎ হয়ে যায়। গণতন্ত্র হারিয়ে গেলে জনগণের মালিকানা চলে যায়। জনগণের বিরুদ্ধে কোনো সরকার ক্ষমতায় থাকলেও ভালো থাকে না। জনগণও স্বস্তিতে থাকে না।
তিনি আরো বলেন, আমরা নির্বাচনে আছি এবং থাকব। শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের ওপর আস্থা রেখে কাজ করব। শেষ হওয়া পর্যন্ত সরকার ও নির্বাচন কমিশনকে সময় যেতে চাই। তারা অতীতে ভুল করেছে। এই নির্বাচনে শুধরে নিতে পারে। আমার দল বিএনপি এবং আমি জনগণের প্রতি আস্থা রাখি। সরকার এবং নির্বাচন কমিশন ভোটের দিন এমন কোন পরিস্থিতির সৃষ্টি না করে যেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হয়। কোন কারণে যেন জনগণের ভোট বর্জন করতে না হয়। রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই। জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে কেন্দ্রে অবস্থান নিতে চাই।
রবি বলেন, ক্ষমতাসীন দল কোন কিছুই কেয়ার করে না, তাদের নেতাকর্মীরা কেয়ার করে না। আমি মনে করেছিলাম সরকারদলীয় মনোনয়ন পেয়েছেন একজন সফল ব্যবসায়ী। তিনি রাষ্ট্রের নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কিন্তু তিনিও আচরণবিধি লংঘন করে চলছেন। এটা হয়তো জাতির জন্য দুর্ভাগ্য হতে পারে। এখনো সময় আছে ইসি কার্যকর পদক্ষেপ নেবে। আওয়ামী লীগ প্রার্থীও সজাগ সংযত হবেন। সেটি না হলে জাতির কাছে দুঃসংবাদ যাবে। জনগণ আশাহত হবে। ভোটার বিমুখ হবে।
- বিষয় :
- ঢাকা-১০ আসন
- উপনির্বাচন
