ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিক কাজলের সন্ধান দাবিতে মানববন্ধন

সাংবাদিক কাজলের সন্ধান দাবিতে মানববন্ধন
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ১০:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ১২:০৪

রাজধানীর বকশীবাজার থেকে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন তার বন্ধু-স্বজনরা।  সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে তারা জানান, গত ১০ মার্চ বকশীবাজারের বাসা থেকে শফিকুল ইসলাম কাজল বের হওয়ার পর এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

বক্তারা বলেন, সত্য-সুন্দর উচ্চারণ করতে ভয় পেতেন না কাজল। তার স্ত্রী ক্যান্সার রোগের বিরুদ্ধে পাঁচ বছর লড়াই করে যখন বিজয়ী হলেন, তখন এ নিখোঁজের ঘটনা ঘটেছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা ভীষণ চিন্তিত।

নিখোঁজ এ সাংবাদিকের উদ্ধার দাবিতে আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের আয়োজন করা হবে বলেও তারা জানান।

শফিকুল ইসলাম কাজল 'পক্ষকাল' নামের একটি দৈনিক পত্রিকা সম্পাদনা করেন। এর আগে তিনি সমকাল ও বণিক বার্তায় আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছেন। গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকে তিন নম্বর আসামি করা হয়।

আরও পড়ুন

×