ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পাকস্থলীতে ইয়াবা বহন, গ্রেপ্তার ৬

পাকস্থলীতে ইয়াবা বহন, গ্রেপ্তার ৬
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:২২

কক্সবাজার থেকে পাকস্থলীতে ইয়াবা বহন করে ঢাকায় এনে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করা চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁও ও পল্টন এলাকায় এ অভিযান চালায় ডিবি উত্তর বিভাগের একটি দল। 

এ সময় মাদক ব্যবসায় ব্যবহূত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে যাত্রাবাড়ী ও হাতিরঝিল থেকে আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিবির গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে নয় হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তাররা হলো- চাঁন মিয়া, আলম, লিয়াকত আলী, খোকন শেখ, সেলিম মোল্লা ও সেলিম মাহমুদ। তাদের বিরুদ্ধে খিলগাঁও ও পল্টন থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা কপবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ৫০টি একত্রে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ক্যাপসুলের মতো তৈরি করত। ক্যাপসুলগুলো কলার ভেতরে ভরে বাহকদের খাইয়ে দেওয়া হতো। তারা পাকস্থলীতে করে ইয়াবার চালান নিয়ে আসত ঢাকায়। পরে পাবলিক টয়লেটে গিয়ে পায়ুপথে বের করে আনা হতো ইয়াবা। 

২৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ : ডিবি দক্ষিণ বিভাগের একটি দল যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলো- ফয়সাল হোসেন, নাদিম আহম্মেদ ও মোখলেছুর রহমান। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি-ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী কমিশনার আহসানুজ্জামান জানান, যাত্রাবাড়ী এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনালের টোল প্লাজা থেকে ফয়সাল ও নাদিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে হাতিরঝিলের বাগানবাড়ি এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ মোখলেছুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন

×