সাংবাদিক কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চান বন্ধু ও স্বজনরা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বন্ধু ও স্বজনদের মানববন্ধন -কাজল হাজরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:৫৯
নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চেয়েছেন তার বন্ধু ও স্বজনরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।
স্বজনরা বলেন, এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আমরা বলতে চাই, কাজল কোনো অপরাধ করে থাকলে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে যাওয়াটা যুক্তিসঙ্গত নয়। তাকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত দিন। অতি দ্রুত তার সন্ধান না পেলে সারাদেশে কর্মসূচি দেওয়া হবে।
এ সময় শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক বলেন, বর্তমান এই ডিজিটাল যুগে একজন মানুষকে খুঁজে পাওয়া সরকারের পক্ষে কোনো কঠিন কাজ নয়। তাই কথা একটাই, বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই।
মানববন্ধনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, নব্বই দশকের ছাত্রনেতা শফি আহমেদ, আবদুল্লাহিল কাইয়ুম, সিরাজুম মুনীর, আবদুল্লাহ ক্বাফি রতন, জায়েদ ইকবাল খান, শ্রমিক নেতা আবুল হোসাইন, নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকত হোসেন, জেমী হাফিজ, রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
- বিষয় :
- সাংবাদিক কাজল
- মানববন্ধন
