ঢামেকের বহির্বিভাগে জ্বর, হাঁচি ও কাশির রোগীর পৃথক চিকিৎসা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:১৮
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় জ্বর, হাঁচি, কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বহির্বিভাগে পৃথক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের বহির্বিভাগের
বাইরে শামিয়ানা টাঙিয়ে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেখানে প্রতিদিন
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাঁচি, কাশি ও জ্বরে আক্রান্ত শিশুসহ সব
বয়সী রোগী দেখছেন চিকিৎসকরা।
বুধবার সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের গেট দিয়ে ঢুকলে বহির্বিভাগের ডান পাশে একটি অস্থায়ী ক্যাম্প। একটি নির্দেশকের সাহায্যে চিহ্নিত করে লেখা হয়েছে- জ্বর, হাঁচি, কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের সেবা দেওয়া হয় এদিকে।
শামিয়ানার ভেতরের ডানপাশে ছয়টি পৃথক কক্ষ বানানো হয়েছে। শিশু রোগ কক্ষ দুটি, মেডিসিন কক্ষ দুটি, নাক-কান-গলা কক্ষ একটি ও মেডিসিন স্টোর একটি। প্রতিটি কক্ষের ভেতরে একটি টেবিল, চিকিৎসকের জন্য বসার চেয়ার এবং টেবিলের সামনে রোগীদের বসার জন্য দুটি করে চেয়ার। ক্যাম্পের বাঁ পাশে রোগীদের বসার জন্য কয়েকটি অপেক্ষাগার তৈরি করা হয়েছে। একপাশে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মেডিসিন, শ্বাসকষ্ট ও শিশু রোগ কক্ষের সামনে লাইন ধরে রোগীরা অপেক্ষা করছেন। শিশু ও মেডিসিন কক্ষের সামনে ভিড় ছিল বেশি। কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, বহির্বিভাগে কেউ জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট নিয়ে এলে তাদের ক্যাম্পেই দেখছেন। কারও শরীরে করোনার লক্ষণ রয়েছে সন্দেহ হলে তাকে পৃথক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সমকালকে বলেন, এ মৌসুমে জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টের রোগী এমনিতেই বেশি থাকে। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে তাদের পৃথকভাবে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কোনো রোগীর দেহে করোনা সংক্রমণের লক্ষণ থাকার বিষয়ে সন্দেহ হলে তাকে পৃথক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এখনও এ ধরনের এমন রোগীর সংখ্যা খুব বেশি মেলেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ক্যাম্পে
দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হ্যান্ড গ্লাভস, মাস্ক,
অ্যাপ্রনসহ নিজস্ব সুরক্ষার সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
- বিষয় :
- ঢামেক
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
