পথ হারানো শিশুটিকে স্বজনের কাছে ফিরিয়ে দিল পুলিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:৩৮ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৪:৫৮
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকার রাস্তায় দিকভ্রান্তের মতো এদিক-ওদিক ঘোরাফেরা করছিল ছোট্ট শিশুটি। তাকে দেখে সন্দেহ হয় ট্রাফিক পূর্ব বিভাগের সার্জেন্ট সাবিনা ইয়াসমীনের। তিনি দ্রুত শিশুটিকে রাস্তা থেকে সরিয়ে নেন। কথা বলে জানতে পারেন, রিয়া নামের চার বছরের শিশুটি একা বাসা থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছে। সে তার বাসার ঠিকানা বলতে পারে না।পরে নানামুখী চেষ্টায় শিশুটিকে তার স্বজনের কাছে পৌঁছে দেয় পুলিশ। বুধবার সকালে ঘটে এ ঘটনা।
শিশুটির বাবা রুবেল মিয়া জানান, বাড্ডার আফতাব নগরের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনের এলাকায় তার বাসা। বুধবার সকাল ৭টার দিকে তার মেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। তারা বিভিন্ন জায়গায় রিয়ার খোঁজ করেন। একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে পুলিশের মাধ্যমে সন্তানকে ফিরে পান। তিনি সংশ্নিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সার্জেন্ট সাবিনা ইয়াসমীন শিশুটিকে দেখতে পেয়ে
প্রথমে রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বপে নিয়ে যান। প্রথমে শিশুটি তার নাম
ছাড়া আর কিছুই বলতে পারছিল না। পরে ধীরে ধীরে শিশুটির দেওয়া অসম্পূর্ণ
তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। শেষে সন্ধান মেলে তার
বাবার।
- বিষয় :
- পুলিশ
- শিশু
- পথ হারানো শিশু
