দুস্থদের হাতে দুপুরের খাবার তুলে দিল ডিএমপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:৫৬
করোনাভাইরাসের কারণে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মধ্যে রান্না করা খিচুড়ি, ডিম ও পানি বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের তত্বাবধানে দুপুরের জন্য একবেলা এসব খাবার বিতরণ শুরু হয়েছে।
এই খাবার বিতরণের অংশ হিসেবে দারুসসালাম জোনে শিশু ও নারীসহ দুস্থদের হাতে খাবার প্যাকেট তুলে দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী।
আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ মানুষের খাবার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। রোববার থেকে রাজধানীর ৫০টি থানায় এসব মানুষের মধ্যে একবেলা করে ডিম খিচুরির প্যাকেট ও পানি বিতরণ শুরু হয়। আগের দিন এসব খাবার সরবরাহ করার ঘোষণা দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)।
তিনি জানান, সরকার সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূল আড়াই হাজার মানুষকে প্রতিদিন একবেলা করে খাবার সরবরাহ করা হবে। প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।
এদিকে রাজধানীর বংশাল থানা এলাকায় গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যৌথভাবে বংশাল থানা পুলিশ ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি। রোববার বেলা ১১টার দিকে নবাবপুর এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, নবাবপুর এলাকার ৪০০ জন গরীব-দুস্থের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল ছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- ডিএমপির খাবার বিতরণ
