ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শ্রমজীবীদের পাশে ছাত্রলীগ

শ্রমজীবীদের পাশে ছাত্রলীগ
×

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা -সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৭:৪৮

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার সকাল থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ রাজধানীর শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, ধানমণ্ডিসহ শহরের বিভিন্ন স্থানে নানা শ্রেণির মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরিকৃত পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক পাঁচ হাজার হ্যান্ড লিফলেট বিলি করেছে।

আল-নাহিয়ান খান জয় বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে গরীব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেসব দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

লেখক ভট্টাচার্য বলেন, গতকাল (শনিবার) সারারাত ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেটা আজ (রোববার) আমরা শ্রমজীবীদের মধ্যে বিতরণ করেছি। দেশের দুর্যোগকালে ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াচ্ছে। দেশের মানুষকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে গত ২০ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করে এবং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে ছাত্রলীগের সকল ইউনিটকে জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

×