রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৭:৫৪ | আপডেট: ১০ মে ২০২৩ | ১৮:০৬
রাজধানীর শনির আখড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মারামারির ঘটনায় তাজুন ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও ১০ থেকে ১২ জন আহত হয়েছে।
নিহত তাজুন চলতি বছর এ কে স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাজুনের বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী। তারা কদমতলী থানার কুদারবাজার এলাকার ৮৩/১ বাসায় থাকত। এক ভাই ও এক বোনের সে সবার ছোট ছিল।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম বলেন, দনিয়া কলেজের সামনে মারামারির সময় তাজুনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাজুনের দুলাভাই আশিকুর রহমান সমকালকে বলেন, তাজুন এবার এ কে স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা অংশ নেয়। আজও (বুধবার) তার পরীক্ষা ছিল। সন্ধ্যার পর জানতে পারি, তাজুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এসে দেখি, সে মারা গেছে।
এদিকে যাত্রবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামিম রেজা বলেন, তাজুনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মারামারিতে আহত সায়েম, শাওন ও অর্নবসহ ৪-৫ জনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আর বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম সমকালকে বলেন, দনিয়ায় মারামারির ঘটনায় তাজুন ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও ১০ থেকে ১২ জন আহত হয়।
তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িত সন্দেহে দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।