হিরো আলমের ওপর হামলা
ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হবে: রিটার্নিং কর্মকর্তা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১২:০৮ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১২:১১
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। সোমবার রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে এসব কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, হিরো আলম এখানে এসেছিলেন। ভোটকেন্দ্রের ভেতরে তাকে মারধর করা হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বের করে দিয়েছে। বাইরে তার ওপর হামলা হয়েছে কি না, তা তারা জানেন না। ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। বর্তমানে হিরো আলম রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হিরো আলমকে মারধরকারীদের গলায় নৌকার ব্যাজ পরিহিত দেখা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি। হিরো আলম চলে যাওয়ার পর হামলাকারীদের একজনকে আটক করেছে পুলিশ।
