ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সহায়তা না পেলেও সরকার এসডিজি বাস্তবায়ন করবে: পরিকল্পনামন্ত্রী

সহায়তা না পেলেও সরকার এসডিজি বাস্তবায়ন করবে: পরিকল্পনামন্ত্রী
×

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৭:৫৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কেউ এগিয়ে আসুক আর না আসুক, পদ্মা সেতু নির্মাণের মতো এসডিজিও বাস্তবায়ন করা হবে। 

সোমবার জাতীয় প্রেসক্লাবে 'এসডিজি অর্জনে চ্যালেঞ্জ' শিরোনামের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। ইংরেজি দৈনিক 'বাংলাদেশ পোস্ট' এর আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো- কেউ না করলেও আমরা একা করব। কেউ এলে তার জন্য স্বাগতম। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এ জন্য আমরা এসডিজি বাস্তবায়নে ব্যয়ও করতে পারছি। এসডিজি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিয়ত এখানে বাড়তি সম্পদ ব্যয় করব।'

তিনি বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় টেকসই উন্নয়ন করতে হবে। প্রকৃতিকে খেয়ে উন্নয়ন করা যাবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করেনি। কিন্তু সরকার এ কাজ করে যাবে। সাবেক রাষ্ট্রদূত ও বিশ্নেষক মুহাম্মদ জমির বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সবাইকে সমান সুযোগ পেতে হবে। অন্যথায় বাস্তবায়ন কঠিন হয়ে দাঁড়াবে।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মাথাপিছু আয় বাড়লেও ধনী-দরিদ্রের বৈষম্য কমেনি। বৈষম্য কমাতে না পারলে এসডিজি বাস্তবায়ন হবে না। নারী-পুরুষ ও অন্যান্য শ্রেণি-পেশার মধ্যে বৈষম্য কমাতে হবে। তিনি বলেন, সমাজে অরাজকতা সৃষ্টি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসন সঠিকভাবে কাজ করলে শুধু ফেনীর নুসরাত নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সম্ভব। মানবাধিকার কমিশনের কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তাদের যথাযথ সহযোগিতা পাননি বলে তিনি বক্তব্যের এক পর্যায়ে উল্লেখ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ শাহাব উদ্দীন। তিনি বলেন, 'আমাদের সবাইকে এসডিজি সম্পর্কে জানতে হবে। নাগরিক হিসেবে আমাদের কী করণীয় তা জানতে হবে এবং করতে হবে। না হলে দেশ এগুবে না। এসডিজি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন

×