রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের তিনজন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৪৭
রাজধানীর শুক্রাবাদে শনিবার ভোরে গ্যাস থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন– টোটন মিয়া (৩৫), তাঁর স্ত্রী নিপা বেগম (৩০) ও তাদের তিন বছরের ছেলে বায়েজিদ।
টোটন মিয়ার শ্যালক নজরুল ইসলাম জানান, টোটনের বাসায় কিছুদিন ধরেই গ্যাস লিক হচ্ছিল। ভোররাতে দেশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের বার্ন ইনস্টিটউটে আনা হয়। টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও বায়েজিদের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। টোটনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। কাঁচামাল ব্যবসায়ী টোটন শুক্রাবাদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
