ধানমন্ডিতে ফ্ল্যাটে গৃহকর্মীর ঝুলন্ত লাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:২৬
রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ছালমা আক্তার (১৭) নামের গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ছালমা ৯ মাস ধরে ১২ নম্বর রোডের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে কাজ করত। প্রাথমিক আলামতে পুলিশ বলছে, সে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, ফ্ল্যাটটিতে গৃহকর্ত্রী আতিয়া বেগম তার দুই সন্তান নিয়ে থাকেন। ছালমা রান্নাঘরের পাশে একটি কক্ষে থাকত। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।
গৃহকর্ত্রীকে উদ্বৃত্ত করে ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ বলেন, ছালমা মোবাইল ফোনে প্রায় রাতেই দীর্ঘক্ষণ কথা বলত। হয়তো কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই ঘটনার জেরে সে আত্মহত্যা করতে পারে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক আলামতে আত্মহত্যা মনে হলেও লাশের ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ওই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ছালমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।
- বিষয় :
- গৃহকর্মীর ঝুলন্ত লাশ
- ধানমন্ডি