শাহজালালে বিমানের সিটের নিচে ৬ কেজি স্বর্ণ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৯:৩৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার মাস্কাট থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তারা।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে। স্বর্ণপাচারের চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, বুধবার মাস্কাট থেকে ছেড়ে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিজি ০২২ নম্বর ফ্লাইটটি। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীরা নামার পর তল্লাশি চালানো হয় বিমানটিতে। এ সময় বিমানের ২২ নম্বর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় তিনটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো মেশিনে পরীক্ষা করে স্বর্ণবারের অস্তিস্ত ধরা পড়ে। এরপর বিমানবন্দরের সব এজেন্সির সামনে প্যাকেটগুলো খুলে ৫০টি স্বর্ণবার পাওয়া যায়।
কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে– বিমানের কোনো স্টাফ বা ময়লা ফেলার কাজে নিয়োজিত বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মীর মাধ্যমে পাচার করতে স্বর্ণবারগুলো সিটের নিচে রাখা হয়। কিন্তু কর্মকর্তাদের তৎপরতার কারণে ব্যর্থ হয় পাচার চক্রটি।
তিনি আরও জানান, বিমানের সিটের নিচ থেকে উদ্ধার করা প্যাকেটগুলোর দুটিতে ৪০টি এবং অপরটিতে ১০টিসহ স্বর্ণবার পাওয়া যায়। এ ঘটনায় বিভাগীয় মামলা তদন্ত অব্যাহত আছে।
- বিষয় :
- স্বর্ণ
- স্বর্ণবার
- স্বর্ণ উদ্ধার
- স্বর্ণের বার