ছোট্ট দেহ ঢেকে গেছে লোমে
তাসফিয়া জাহান মুনিরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১২:১১ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১২:১৭
চার বছরের তাসফিয়া জাহান মুনিরা। জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত সে। ছোট্ট শরীর ঢেকে গেছে অস্বাভাবিক লোমে। যন্ত্রণাদায়ক রোগ সঙ্গী করে অনিশ্চিত জীবনের পথেই হাঁটছে ছোট্ট শিশুটি। চাঁপাইনবাবগঞ্জের তাসফিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
তবে চিকিৎসকরা বলছেন, জটিল হলেও এটি বিরল রোগ নয়। কয়েকটি অস্ত্রোপচার এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে তাসফিয়ার সুস্থ হয়ে ওঠা সম্ভব। ইতোমধ্যে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে মেয়ের বাকি অস্ত্রোপচারের ব্যয় মেটাতে সামর্থ্য না থাকার কথা জানিয়েছেন দরিদ্র দিনমজুর মাসুদুজ্জামান মামুন। তাদের দিন কাটছে চরম উৎকণ্ঠায়।
তাসফিয়ার বাড়ি নাচোল উপজেলার গোডাউনপাড়ায়। তার মা তানজিলা খাতুন জানান, জন্মের পরই শিশুটির শরীরের পেছনে একটি কালো ছোট আকৃতির টিউমার দেখতে পান চিকিৎসক। জন্মের ছয় দিন পর পুরো শরীর ফেটে যেতে থাকে। এরপর তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা কিছু ওষুধ দেন। সে ওষুধ সেবন করেও প্রতিকার মিলছিল না। তবু কিছু দিন পরপর তাকে হাসপাতালে নেওয়া হতো।
তিনি আরও জানান, দিনের পর দিন শরীরের পুরো অংশ কালো হয়ে লোম গজাচ্ছে। রাত হলে শরীর চুলকাতে বলে খুব কান্নাকাটি করে মেয়েটি। সে সময় শরীরের তাপমাত্রাও অনেক বেড়ে যায়। তখন ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হয়। এভাবে প্রতি রাতেই তিন থেকে চারবার শরীর মুছে দিতে হয়। অনেক সময় গোসলও করাতে হয়। কোনো কাপড় পরলেই শরীর চুলকায়।
স্থানীয় কয়েকটি ক্লিনিক ও হাসপাতালে একাধিকবার চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। কয়েক দিন আগে তাকে ভর্তি করা হয় বিএসএমএমইউতে। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি অস্ত্রোপচার হয়েছে।
বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ চৌধুরী রনি বলেন, এ রোগটিকে বলা হয় 'জায়ান্ট পিগমেন্টেড হেয়ারি এপিডার্মাল নেভাস'। এটা জেনেটিক মিউটেশনের জন্য হয়। সাধারণত মায়ের পেটে থাকা অবস্থায় প্রথম ২০ সপ্তাহে জেনেটিক মিউটেশনের কারণে এমনটি হয়ে থাকে। তিনি বলেন, আরও কয়েকটি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাসফিয়ার। তবে কয়েকবার অস্ত্রোপচারের সামর্থ্য নেই তার পরিবারের। তাসফিয়ার দিনমজুর বাবা সবার সহায়তা ও দোয়া চেয়েছেন।
- বিষয় :
- তাসফিয়া জাহান মুনিরা
- বিরল রোগ