ফেসবুক পেজ খুলে প্রতারণা, মূল হোতাসহ গ্রেপ্তার ৩
এন্টি টেররিজম ইউনিটের অভিযানে গ্রেপ্তার তিনজন- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৮:৪২
ফেসবুক পেজ খুলে প্রতারণার ঘটনায় একটি চক্রের মূল হোতাসহ রাজধানীতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গোপন সংবাদে গুলশান থেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের একটি দল তাদের গ্রেপ্তার করে।
চক্রটির মূলহোতা মো. ফাহিমের (২২) বাড়ি নরসিংদী। তিনি ছাড়া গ্রেপ্তার অন্য দুইজন হলেন- আলতাফ মৃধা (২৩) ও হেলাল উদ্দিন (৪৯)।
বিজ্ঞপ্তিতে এন্টি টেররিজম ইউনিট জানিয়েছে, ফাহিম ফেসবুকে ’অনলাইন সার্ভিস’ নামে একটি পেজ খুলে তার মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রি, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রিসহ আমদানি নিষিদ্ধ যৌন পণ্য বিক্রি করতো।
এতে বলা হয়েছে, ফাহিম অন্য দুইজনের কাছ থেকে ওইসব পণ্য কিনে এনে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিল। গ্রেপ্তার তিনজনই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রতারক চক্রকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী তাদের কাছ এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন, ৫ হাজার ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন যৌন উত্তেজন পণ্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলার প্রক্রিয়া শুরু হযেছে বলে পুলিশ জানিয়েছে।
- বিষয় :
- রাজধানী
- প্রতারক চক্র গ্রেপ্তার