ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্যসেবা সচিব মান্নান

চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্যসেবা সচিব মান্নান
×

সচিব আবদুল মান্নান- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১১:০০

চলমান করোনা পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থাপনা দেখতে সোমবার সরেজমিন রাজধানীর কয়েকটি হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন নবনিযুক্ত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। প্রথমে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন। পরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল এবং শেষে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় সচিব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহায়তা চান।

আবদুল মান্নান বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আক্রান্ত রোগীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে। নিজের স্বজন মনে করে রোগীদের সেবা দিবেন। আপনাদের কোনো ঘনিষ্টজন কিংবা স্বজন আক্রান্ত হলে তাকে সেবা না দিয়ে দূরে থাকতে পারতেন না। ঠিক একজন রোগীকে নিজের স্বজন মনে করবেন। তার সেবায় আত্মনিয়োগ করবেন।

করোনায় নিজের স্ত্রীর মৃত্যুর কথা তুলে ধরে সচিব বলেন, আমার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে থাকায় ছেলে-মেয়েও আক্রান্ত হয়েছে। আমি নিজেও সংস্পর্শে ছিলাম। এরপরও কাজ বন্ধ করে বাসায় বসে থাকিনি। দুর্যোগময় এই সময়ে স্বাস্থ্যবিভাগের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যেতে হবে। তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্যপূরণে সক্ষম হব।

এ সময় তিন হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×