মনজুর দখল
আশ্রমের জমি উদ্ধারে গেলেন এলাকাবাসী
টিকাটুলীর কেএম দাস লেনে কাউন্সিলর ময়নুল হক মনজুর দখল করা ভোলানন্দগিরি আশ্রমের একাংশ শনিবার উদ্ধার করেছেন এলাকাবাসী। মামলা থাকায় পুরো জমিটি উদ্ধার করা যায়নি- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১৫:৩৫ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১৫:৫৪
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সম্প্রতি আটক হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মনজুর দখল করা কিছু জায়গা উদ্ধার করেছেন এলাকাবাসী। মনজু গ্রেপ্তার হওয়ার পর গতকাল শনিবার জায়গা উদ্ধার করতে যান স্থানীয়রা। কিন্তু জায়গাটি নিয়ে মামলা থাকায় পুলিশের হস্তক্ষেপে পুরো জায়গা উদ্ধার করতে পারেননি তারা।
জানা যায়, রাজধানীর টিকাটুলীর ১২ কেএম দাস লেনে অবস্থিত ভোলানন্দগিরি আশ্রম ও ট্রাস্টের সাড়ে তিন বিঘা জায়গা দখল করে সেটা ভাড়া দিয়ে প্রতি মাসে কয়েক লাখ টাকা ভাড়া তুলতেন মনজু। গতকাল ট্রাস্টের লোকজন ও স্থানীয় বাসিন্দারা জায়গাটি উদ্ধার করতে যান। পরে পুলিশ গিয়ে বাধা দেয়।
ভোলানন্দগিরি আশ্রম ও ট্রাস্টের সাধারণ সম্পাদক রঘুপতি সেন বলেন, 'দীর্ঘদিন হলো মনজু আশ্রম ও ট্রাস্টের জায়গা দখল করে রেখেছিলেন। গ্রেপ্তার হওয়ার পর গতকাল আশ্রম ও ট্রাস্টের লোকজন জায়গাটি উদ্ধার করতে যান। কিন্তু পুলিশ গিয়ে বলে মামলা আছে জায়গাটি নিয়ে। মামলার কারণে জায়গাটির ওপর আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে। বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত সেটা যেভাবে আছে, তেমনই থাকবে।'
রঘুপতি সেন জানান, ওই জায়গায় থাকা টিনশেড বিভিন্নজনের কাছে ভাড়া দিয়ে ময়নুল হক মনজু মাসে তিন লাখ টাকা ভাড়া আদায় করতেন। তবে জায়গাটি ভোলানন্দগিরি আশ্রম ও ট্রাস্টের। জায়গাটি নিয়ে মামলার বিষয়টি জানতেন না তারা।
- বিষয় :
- মনজুর দখল
- বাহিনী
- ময়নুল হক মনজুর
- কাউন্সিলর