শতভাগ শিক্ষার্থীকে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের দাবি ছাত্র মৈত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৮:২৭ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৮:৩৩
করোনাকালে অনলাইন শিক্ষা সুবিধা প্রদানের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে ইন্টারনেট প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।
নেতারা বলেছেন, করোনার সময় অনলাইন শিক্ষার ওপর জোর দেওয়া হলেও বাজেটে স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ ও ইন্টারনেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই দ্বিচারিতার মাসুল ছাত্রদের দিতে হচ্ছে। এখনো দেরি হয়ে যায়নি। সরকারের উচিত সব শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট দেওয়ার জন্য সরকারি প্রনোদনা ঘোষণা করা।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র মৈত্রী আয়োজিত মানববন্ধনে নেতারা এসব কথা বলেন। শতভাগ শিক্ষার্থীকে সহজ শর্তে স্মার্টফোন ও কম্পিউটার ক্রয়ের সুযোগ এবং বিনামূল্যে ইন্টারনেট সহায়তা প্রদানের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সহ-সভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সাদাকাত হোসেন খান বাবুল, তানভীর রুসমত, বাচ্চু মিয়া, হাসিদুল ইসলাম ইমরান, ইয়াতুন্নেসা রুমা প্রমুখ।
মানববন্ধন শেষে উল্লিখিত দাবিতে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
- বিষয় :
- ছাত্র মৈত্রী
- অনলাইন শিক্ষা