ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় মিলেছে

মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় মিলেছে
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১০:০৬

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। স্বজনরা লাশ শনাক্ত করে জানিয়েছেন, তার নাম জহির।

পুলিশ বলছে, তার নামে ডাকাতি-ছিনতাই ও অবৈধ অস্ত্র সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে। সে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ে জড়িত চক্রের হোতা বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

এর আগে ১৬ জুলাই গভীর রাতে বছিলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহির নিহত হয়। তবে তখন তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল সমকালকে বলেন, নিহত যুবকের কাছে দু’টি মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। এরমধ্যে একটি চালু করা যায়নি। অপরটির কল লিস্ট থেকে বিভিন্নজনকে কল করার একপর্যায়ে তার স্বজনের খোঁজ পাওয়া যায়। শনিবার তার ভাই এসে লাশ শনাক্ত করেন। তাদের পরিবার নোয়াখালীতে থাকে বলে জানিয়েছেন তিনি। জহির ঢাকায় কোথায় থাকত তা জানা যায়নি। তবে তার ভাইয়ের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১৫টির মতো ডাকাতি-ছিনতাইয়ের মামলা আছে।

পুলিশ সূত্র জানায়, ৩০ জুন মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে দেওয়া জবানবন্দিতে ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের হোতা হিসেবে জহিরের নাম জানায়। তাদের তথ্যের ভিত্তিতে জহিরকে গ্রেপ্তারে সেই রাতে বছিলা এলাকায় অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×