নারী সহকর্মীর মামলায় সাংবাদিক সুমন কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:২১
নারী সহকর্মীর দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের জ্যেষ্ঠ রিপোর্টার ইমরান হোসেন সুমনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এক দিনের রিমান্ড শেষে বুধবার সুমনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী নাসিরুল আমীন। অপরদিকে তার আইনজীবী তুহিন হাওলাদার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম মঈনুল ইসলাম তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এটিএন নিউজের এক সংবাদ উপস্থাপিকার আপত্তিকর ছবি প্রকাশ করে সম্মানহানির অভিযোগে করা সাইবার অপরাধ আইনের মামলায় ২০ জুলাই ইমরান হোসেন সুমনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগের দিন পল্লবী থানায় সহকর্মীর দায়ের করা মামলায় ইমরান হোসেন সুমনকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
- বিষয় :
- মহানগর হাকিম
- আদালত
- সাইবার অপরাধ