বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দর সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৪:৪৬
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার সকালে তাদের অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ।
দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন জানান, ঈদুল আযহার আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দক্ষিণখানের রেদওয়ান গার্মেন্টেসের শ্রমিকরা বিক্ষোভ করেন। তবে দ্রুতই তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ ব্যাপারে আলোচনার জন্য তারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকায় বিমানবন্দর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে প্রচুর যানবাহন। শ্রমিকদের দাবি, তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে বারবার তাগাদ দেওয়া হলেও মালিকপক্ষ তা আমলে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। অন্তত কিছু টাকা পেলে তারা পরিবারের সঙ্গে আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল।
এদিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর তারা পোশাক কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের বিক্ষোভ চলতে থাকে। তবে মালিকপক্ষ বা বিজিএমইএ’র কোনো প্রতিনিধি সেখানে যাননি বলে জানা গেছে।
- বিষয় :
- সড়ক অবরোধ