নতুন সড়ক আইন প্রয়োগ আগামী সপ্তাহ থেকে: ডিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ছবি: ডিএমপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪
আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কথা অনুযায়ী এক সপ্তাহ নতুন আইনে মামলা করা হচ্ছে না। এই আইন প্রয়োগের আগে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। গত ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে পুলিশের প্রস্তুতিসহ অন্যান্য বিষয় অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, কোনো পুলিশ কর্মকর্তা মামলা না দিয়ে অন্য কোনোভাবে সুবিধা নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সার্জেন্টদের ক্যামেরা দেওয়া হবে। কোনো অভিযোগ থাকলে, তখন ক্যামেরা বন্ধ পাওয়া গেলে ধরে নেওয়া হবে তিনি অবৈধ কাজের জন্য সেটা করেছেন।
ঢাকার পুলিশ প্রধান বলেন, আইন প্রয়োগের আগে বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। পরিবহন মালিক-শ্রমিকদের একত্র করে তাদের এই আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সড়ক পরিবহন আইন সম্পর্কে নিয়মিত ফিচার প্রকাশ করা হচ্ছে। পুলিশের মাঠ পর্যায়ের প্রায় ৮০০ সার্জেন্ট ও টিআইকে নতুন আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের নতুন আইনের বই দেওয়া হয়েছে। এক মাস পর পরীক্ষার মাধ্যমে তাদের যাচাই করা হবে।
কেস স্লিপের মাধ্যমে মামলা দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপিতে পয়েন্ট অব সেলস (পস) মেশিনের মাধ্যমে মামলা দেওয়া হয়। নতুন আইনের উপযোগী করতে পস মেশিন সফটওয়্যার হালনাগাদের কাজ চলছে।
তিনি বলেন, উন্নত দেশের মতো এই আইনে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে পয়েন্ট পদ্ধতি রয়েছে। আইন অমান্য করলে পয়েন্ট কমতে থাকবে। একপর্যায়ে বরাদ্দকৃত পয়েন্ট শেষ হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। চালকের পয়েন্ট কাটার তথ্য সার্ভারে সংরক্ষিত থাকবে।
শফিকুল ইসলাম বলেন, এই আইনে কাউকে জরিমানা করা হলে আপিলের সুযোগ আছে। প্রথমবার অপরাধ করলে সহনীয় পর্যায়ে জরিমানা করে তাকে বলা হবে, এই অপরাধে তার এত সাজা ছিল। ভবিষ্যতে একই অপরাধ করলে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। সেইসঙ্গে তাকে একটি সচেতনতামূলক লিফলেট দেওয়া হবে।
পথচারী পারাপারের বিষয়ে তিনি বলেন, পথচারী ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হলে জরিমানা করা হবে। যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখানে রাস্তা পারাপারে সাহায্য করবে ট্রাফিক পুলিশ।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের পর এখন প্রায় ৯৯ ভাগ মোটরসাইকেল চালক-আরোহী হেলমেট ব্যবহার করছেন। আর যারা এখনও হেলমেট পরছেন না তাদের অধিকাংশই পুলিশ সদস্য। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনার বলেন, ট্রাফিকের লোক যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইল ফোনের অ্যাপভিত্তিক পরিবহন সেবার ক্ষেত্রে ব্যক্তিগত লাইসেন্স নিয়ে বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হবে না। কারণ এজন্য আগে নীতিমালা করা প্রয়োজন। তাছাড়া এর সঙ্গে অনেক মানুষের জীবিকার প্রশ্ন জড়িত।
- বিষয় :
- ডিএমপি কমিশনার
- শফিকুল ইসলাম