ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তুরাগে বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ১, কিশোর চালককে পিটুনি

তুরাগে বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ১, কিশোর চালককে পিটুনি
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ২৩:৩২

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় আবদুল মান্নান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা কিশোর চালককে ধরে পিটুনি দেয়। তার গাড়িটিও ভাঙচুর করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, দুর্ঘটনায় দায়ী গাড়িটির চালককে (১৭) আটক করেছে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা ভাড়ার গাড়ি (রেন্ট এ কার) চালান। শুক্রবার দুপুরে তার বাবা বাসায় খেতে যান। তখন সে গাড়ি নিয়ে রাস্তায় নামে।

তুরাগ থানার এসআই আল মামুন জানান, গাড়ি চালানোয় অভিজ্ঞ না হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই কিশোর। প্রথমে সে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি ক্ষতিগ্রস্ত এবং দুই চালক আহত হন। তখন সে পালানোর জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। ওই সময় রানাভোলার সিরাজ মার্কেট এলাকায় রাস্তার পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন আবদুল মান্নান। গাড়িটি তাকে গিয়ে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্নান রানাভোলার তিন নম্বর সড়কে রাশেদুল আলম নামে এক ব্যক্তির বাড়িতে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। সেখানেই স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।

এদিকে মান্নানকে ধাক্কা দেওয়ার পর উত্তরা ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে গিয়ে ওই কিশোরের গাড়িটি বন্ধ হয়ে যায়। তখন সে পিছু ধাওয়া করা উত্তেজিত লোকজনের হাত থেকে বাঁচতে পাশের একটি বাসায় ঢুকে পড়ে। তবে লোকজন তাকে বের করে এনে বেধড়ক পিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।
 

আরও পড়ুন

×