পুলিশের বাধায় থামল মিছিল, থামেনি গান
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গানের মিছিল করে উদীচী শিল্পীগোষ্ঠী। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তোলা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১১:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ১৪:১৬
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। তবে শিল্পী-কর্মীদের গান থামেনি। পুলিশের অবরোধ ভেঙে এগোতে চাইলে দ্বিতীয় দফায় বাধার মুখে দাঁড়িয়ে তারা কর্মসূচি চালিয়ে যান।
গতকাল বিকেল সাড়ে ৪টায় তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘উদীচী থেকে যমুনা’ শীর্ষক গানের মিছিলটি শুরু হয়। শুরুতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে পুলিশ মিছিল আটকে দেয়। সেখান থেকে শিল্পীরা বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হলে ব্যাটারি গলির মুখে আবারও পুলিশ তাদের পথরোধ করে।
পথ আটকে গেলে সেখানে শিল্পীরা বসে পড়েন। শুরু হয় প্রতিবাদী সংগীত পরিবেশন ও তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি। ওই স্থান থেকে উদীচী নেতৃত্ব সরকারকে সাত দিনের সময় বেঁধে দেন। তাদের দাবি, প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নইলে সারাদেশে সংস্কৃতিকর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে উদীচী।
উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক, উগ্রবাদী ও নব্য ফ্যাসিস্ট শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। তারা যা বলে, সরকার তাই শুনছে। অন্যদের কোনো কথা আমলে নেওয়া হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সরকার বইমেলা বন্ধের পাঁয়তারা করছে, নিরাপত্তার অজুহাতে ফেব্রুয়ারির বইমেলা স্থগিতের ঘোষণা দিয়েছে; এখন সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিল করেছে, যা স্পষ্টতই প্রতিক্রিয়াশীল শক্তির ইঙ্গিতে হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে তিনি বলেন, ইউনূস নেতৃত্বাধীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়ে প্রতিক্রিয়াশীল শক্তির হাতে জুলাইয়ের অর্জন তুলে দিচ্ছে। এতে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হচ্ছে। তিনি অবিলম্বে সরকারের অবস্থান পরিবর্তনের দাবি জানান।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম বলেন, গণবিরোধী নীতির কারণে স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছিল জনতা। সেই জনতার সঙ্গে বেইমানি করলে বর্তমান সরকারও রেহাই পাবে না।
গানের মিছিল শুরু হওয়ার আগে তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের আহ্বায়ক কামাল হোসেন বাদল, উদীচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান, রহমান মুফিজ, সংগঠনবিষয়ক সম্পাদক আরিফ নূর প্রমুখ।
একই দাবিতে দেশের বিভিন্ন প্রান্তেও কর্মসূচি পালন করেছে উদীচীর জেলা সংসদগুলো। ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় শিল্পী-কর্মীরা মানববন্ধন, প্রতিবাদী গান ও সমাবেশ আয়োজন করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত না বদলালে আন্দোলন আরও জোরদার হবে। এমন ঘোষণা দিয়ে শিল্পীরা অবস্থান কর্মসূচি শেষ করেন।
- বিষয় :
- রাজধানী
- প্রতিবাদ
- উদীচী শিল্পীগোষ্ঠী
