ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও এক্সকাভেটর নিয়ে গেল ‘বিক্ষুব্ধ জনতা’

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও এক্সকাভেটর নিয়ে গেল ‘বিক্ষুব্ধ জনতা’
×

ঢাকা কলেজ এলাকা থেকে মিছিলসহ দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যায় বিক্ষুব্ধ জনতা।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৩:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১৩:৫২

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এক্সকাভেটর নিয়ে হাজির হয়েছেন বিক্ষুব্ধ জনতা। এর আগেও কয়েক দফায় এই বাড়ি ভাঙচুর করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিলসহ দুটি এক্সকাভেটর নিয়ে সেখানে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা।

এদিকে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে। সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা ঘিরে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালান ছাত্র-জনতা। সে সময় বঙ্গবন্ধুর বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। ঘটনার দিন রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়িটি ভাঙা শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে ভবনের একটি অংশ ধসে পড়ে। রাত ১টা পর্যন্ত ভাঙার কাজ চলতে থাকে।

এদিকে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে পুলিশের একাধিক কর্মকর্তা সমকালকে জানান। উত্তেজনাকর পরিবেশের কারণে ধানমন্ডি এলাকায় জনসাধারণের চলাচল সীমিত হয়ে গেছে।

আরও পড়ুন

×