ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেলা শেষ হচ্ছে আজ

আবাসন মেলায় ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

আবাসন মেলায় ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
×

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবাসন মেলার স্টলে গতকাল দর্শনার্থীর ভিড় সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

আবাসন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার ক্রেতা-দর্শনার্থীর বেশ সাড়া পেয়েছেন। তারা ক্রেতাদের কাছে নিজেদের বিভিন্ন প্রকল্প, কিস্তি সুবিধা, মেলার বিশেষ ছাড়ের বিষয় তুলে ধরেছেন। অনেকেই ভবিষ্যতে ফ্ল্যাট কেনার আশায় কোম্পানির নাম, ফোন নম্বর ও প্রকল্পের সুযোগ-সুবিধা জেনে নিয়েছেন। 
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজক প্রতিষ্ঠান রিহ্যাবের ভাষ্য, নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা প্রকাশের পর আবাসন খাতে আবারও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। এরই প্রতিফলন হলো মেলায় ক্রেতা-দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি। 

গতকাল ছিল মেলার তৃতীয় দিন। মেলায় গিয়ে দেখা গেছে, ক্রেতা-দর্শনার্থীর ভিড়। স্থায়ী ঠিকানা খোঁজার স্বপ্ন নিয়ে কেউ কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। বন্ধু বা সহকর্মী নিয়েও এসেছেন অনেকেই। বিকেলের পর থেকে প্রতিটি স্টল ঘিরে তৈরি হয় প্রাণোচ্ছল পরিবেশ। চার দিনের এই মেলা শেষ হবে আজ। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রয়কর্মীরা জানান, অনেকেই সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন। কেউ কেউ ভবিষ্যতের জন্য প্লটের খোঁজ-খবর নিয়েছেন। তবে বেশি চাহিদা ছোট ফ্ল্যাটের।
হক হোমস অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদুল হক বলেন, সকালের দিকে প্রচণ্ড শীত থাকায় লোক সমাগম কম ছিল, কিন্তু বিকেলের দিকে তুলনামূলকভাবে ক্রেতা বেশ ভিড় জমিয়েছেন। 
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৈরি ও চলমান আবাসন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছেন তারা। 

মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে বিশেষ ছাড়। মোট ঋণের ওপরও দেওয়া হচ্ছে ছাড়। আইডিএলসির কর্মকর্তা কাজী আরিফ জানান, মেলা উপলক্ষে ১০ দশমিক ৯৯ শতাংশ সুদে গৃহঋণের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাধারণ সময়ে সুদহার থাকে ১১ দশমিক ৫৭ শতাংশ। এ ক্ষেত্রে ঋণের অঙ্কের কোনো সীমা থাকছে না। 
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী রবিউল আলম। তিনি বলেন, উত্তরার দিকে ছোট ফ্ল্যাটের দাম কেমন সে ব্যাপারে কয়েকটি প্রতিষ্ঠানে খোঁজ-খবর নিয়েছেন। মেট্রোরেল থাকায় ওই দিকে ফ্ল্যাটের বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। 

আরও পড়ুন

×