সন্ত্রাসীদের কাছে চড়া দামে অস্ত্র বিক্রি তার পেশা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১৩:১৫
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকা থেকে অস্ত্র, গুলিসহ হাফিজুর রহমান
নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ
থেকে পিস্তলসহ বিভিন্ন ধরনের চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার
করা হয়েছে। গত সোমবার রাতে ডিবির উত্তর বিভাগ এ অভিযান চালায়।
ডিবি জানিয়েছে, হাফিজুর দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের শক্তিশালী একটি চক্রের
হয়ে অস্ত্রের হাতবদল করে আসছিল। তার কাছ থেকে সন্ত্রাসী গ্রুপ, জঙ্গি
গোষ্ঠী এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন গ্রুপ অস্ত্র কিনে
থাকে।
হাফিজুরকে গ্রেফতারের তথ্য দিয়ে গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া
সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি কর্মকর্তারা। সেখানে ডিবি-উত্তর বিভাগের
ডিসি মশিউর রহমান বলেন, হাফিজুর তার সহযোগী হাবিবুর রহমান ও জিল্লুর
মাধ্যমে ভারত থেকে অবৈধ অস্ত্র-গুলি নিয়ে আসে। বেনাপোল সীমান্ত দিয়ে আনা
এসব আগ্নেয়াস্ত্র সে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের কাছে বিক্রি
করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুর জানিয়েছে, ভারতের বিহারে এসব
অস্ত্র তৈরি হয়।
ডিবির এ কর্মকর্তা বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী গ্রাম ও
বাংলাদেশের বেনাপোলে পুটখালী গ্রামের মাঝে নদীপথে এই অবৈধ অস্ত্র আনা হয়।
হাফিজুর ভারত থেকে প্রতি অস্ত্র ৩০ হাজার টাকায় কিনলেও দেশে সন্ত্রাসী
গ্রুপগুলোর কাছ থেকে তা উচ্চ দরে বিক্রি করে থাকে।
অভিযানে থাকা ডিবি-উত্তর বিভাগের এডিসি মহরম আলী জানান, গোপন খবরের
ভিত্তিতে মিরপুরে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে হাফিজুরকে
অস্ত্র, গুলিসহ গ্রেফতার করা হয়। সে জানিয়েছে, এসব অস্ত্র তার কাছ থেকে এক
ব্যক্তির নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যায়। এখন ওই ব্যক্তির
নাম-ঠিকানা নিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় হাফিজুরকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
- বিষয় :
- অস্ত্র বিক্রি