ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুরভীর হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিফাত রশিদ

সুরভীর হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিফাত রশিদ
×

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৭:২৫

জুলাই আন্দোলনে সক্রিয় গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভীর মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুকসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ তিন দফা দাবি জানান।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জের জুলাইয়ে আন্দোলনকারী মাহাদী হাসান ও তাহরিমা জান্নাতসহ প্লাটফর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের তিনটি দফা হলো- বর্তমানে জামিনে থাকা মাহাদী ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুকসহ পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শ্রমিক ও জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের দায়মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে; জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা আইনশৃঙ্খলা বাহিনী-পুলিশ ও জনতার ইতিহাস লিপিবদ্ধ করতে হবে; তাদের সম্মাননা দিতে হবে এবং তাদের আইনি স্বীকৃতি এবং নিরাপত্তা দিতে হবে; হয়রানি বন্ধের জন্য স্থায়ী কমিশন গঠন করতে হবে।

এছাড়াও ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে যারা ফ্যাসিবাদের রোষানলে পড়ে পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছে, তাদের তাদের পদায়ন করে গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে দিতে হবে।

এ সময় তিনটি কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, জুলাইয়ে যেসব থানার অধীন ছাত্রজনতা শহীদ হয়েছেন সে এলাকার ওসি, এসপিসহ উপরের কমান্ডিং অফিসারদের তালিকা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা করা হবে; ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করার জন্য শিগগির আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসা হবে।

জাতীয় নির্বাচন ঘিরে বৃহত্তর দুই জোটের সাথে সাক্ষাৎ করে নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে কর্মসূচি চলমান রাখা হবে জানান তিনি।

রিফাত বলেন, বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র হয়ে উঠছে। পুলিশ এবং গোয়েন্দারা সরকার থেকে বড় সরকার হয়ে উঠেছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

তিনি আরো বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ যতটা দোষী, হাসিনা যতটা দোষী, জাতীয় পার্টি ততটা দোষী। ১৪ দলের যারা নির্বাচন করছে, তাদের বাদ দিতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন

×