পাওনা টাকার বিরোধের জেরে ডেমরায় ভাইকে ছুরি মেরে খুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৯:৩২
রাজধানীর ডেমরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন কবির হোসেন (২৫) নামে এক যুবক। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত ছোট ভাই সবুজকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, সবুজের কাছে দুই হাজার ৭০০ টাকা পেতেন কবির। সেই টাকা শোধ না করায় এর আগে কয়েক দফায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে ডেমরার গলাকাটা সেতু এলাকায় আবারও তাদের কলহ হয়। এর একপর্যায়ে কবিরের বুকে-পিঠে ছুরিকাঘাত করেন সবুজ। গুরুতর আহত অবস্থায় কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভগ্নিপতি মিঠু জানান, কবিরের বাবার নাম আতাউর রহমান। পরিবারের সঙ্গে তিনি ডেমরার বক্সনগর মহিলা মাদ্রাসার পাশের বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। অভিযুক্ত সবুজ একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারী।
- বিষয় :
- পাওনা টাকা
- বিরোধ
- খুন
- ডেমরা