চাঁনখারপুল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ১৬:০৩
পুরান ঢাকার চাঁনখারপুল এলাকা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তার ভাড়া বাসায় লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দেন।
মৃতের ফুফাতো ভাই ফরহাদ রহমান বলেন, নাহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন। বেশ কিছুদিন ধরে স্বামী ইলিয়াসের সঙ্গে তার কলহ চলছিল। নাহিদাকে মারধরও করতেন তার স্বামী। এক বছর আগে নাহিদা তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ইলিয়াস কারাগারে যান। তিনি কারাগার থেকে বের হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা হয়েছিল। তবে গতকাল রাতে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ইলিয়াস বাসার বাইরে চলে যান। মৃত্যুর আগে লেখা চিরকুটে নাহিদা তার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখেছেন।
চকবাজার থানার এসআই মো. কাউছার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ নাহিদার ভাড়া বাসায় যায়। ভবনটির ছয়তলার বাসার দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকে পুলিশ। এরপর শোওয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাহিদার মৃতদেহ ঝুলতে দেখা যায়।
- বিষয় :
- চকবাজার
