যুবকদের অন্তর্ভুক্ত করলে এসডিজি অর্জন সহজ হবে: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:৫৫
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) পূরণে যুবদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, যুবসমাজকে অবদান রাখার সুযোগ করে দিতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় যুবদের কর্মপরিকল্পনাকে অন্তর্ভুক্ত করলে এসডিজি পূরণ সহজ হবে।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট আয়োজিত এসডিজি বাস্তবায়নে যুবদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, 'কেউ পিছিয়ে থাকবে না'- এ স্লোগান বাস্তবায়নে যুবশক্তির ভূমিকা অনস্বীকার্য। যুবদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে তাদের সৃজনশীল কর্মে অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও উন্নয়নে যুবদের সম্পৃক্ত করতে হবে। যুবকদের শক্তি, প্রত্যাশা ও সামর্থ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এতে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে আন্দোলন, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগ প্রশমন ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে তারা অবদান রাখতে পারবে। এসডিজির লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি জাতীয় সংসদও কার্যকর ভূমিকা রাখছে।
শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। এভাবে উন্নয়নের মূলধারায় তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বক্তব্য দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
- বিষয় :
- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
