দীর্ঘ ছুটির পর সচিবালয়ে ঈদের আমেজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খুলেছে। প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে অফিস কার্যক্রম শুরু করেন।
রমজানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা অফিস করলেও গতকাল সকাল ৯টায় শুরু হয়ে অফিস চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে তাঁর দপ্তরে আসেন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কাজ শুরু করেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনের কর্মসূচির শুরুতে ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
এরপর গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, ঈদের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কিছুটা কম। যেসব কক্ষে একাধিক প্রশাসনিক কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা-কর্মচারী বসেন– এমন কক্ষগুলোতে অনেকেই অনুপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেকে ঐচ্ছিক ছুটিতে রয়েছেন। কারণ মঙ্গল ও বুধবার অফিস করার পর আবার টানা তিন দিনের ছুটি। তবে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের বেশির ভাগই উপস্থিত ছিলেন। সচিবালয়ে মূলত স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে আগামী রোববার থেকে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যাও ছিল খুব কম। তাই ৬ নম্বর ভবনসহ অন্য ভবনগুলোর লিফটের সামনে মানুষের ভিড় নেই।
ঈদের অভিজ্ঞতার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, এবারকার ঈদ অন্যরকম ছিল। দেশের মানুষ দীর্ঘদিন পরে
তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার পালন করতে পেরেছে এবং তাদের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পেরেছে। তারা মুক্ত এবং আনন্দময় পরিবেশে ঈদ পালন করেছে।
গত ২১ মার্চ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়
মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
- বিষয় :
- সচিবালয়
