ঢামেক এলাকায় এক দিনে বদলে গেল ফুটপাত ও দেয়ালের চেহারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
এক দিনের ব্যবধানে বদলে গেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাতের চিত্র। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ এবং দেয়ালজুড়ে বৈচিত্র্যময় আঁকিবুঁকি।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে শুরু করে চানখাঁরপুল পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও দেয়ালে এমন দৃশ্যের দেখা মেলে। এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজসংলগ্ন ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাজধানী ঢাকা বাংলাদেশের মুখমণ্ডল। একে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই আমরা এই নান্দনিক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছি।’
হকার ব্যবস্থাপনা ও জনভোগান্তি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ‘রাস্তায় যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে আমরা হকার ও রিকশাচালকদের প্রতি অমানবিক হতে চাই না। ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি করপোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। বর্তমানে আমরা পুলিশের সহযোগিতায় এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করছি। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেওয়া হবে।’
ডিএসসিসি জানিয়েছে, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে একটি পাইলট প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০ ফুট এলাকায় নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এছাড়া ৫৫০টি ফুলের টব বসানো হয়েছে; রোপণ করা হয়েছে ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। হাসপাতালে আসা অপেক্ষমাণ স্বজনদের জন্য ৫০টি বসার আসন এবং পাহাড়ের আদলে দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে।
এ সময় সংস্থার ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ঢামেক
