ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বিএসটিআইর অভিযান, রাজধানীতে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

বিএসটিআইর অভিযান, রাজধানীতে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৯:৫৪

পুরান ঢাকার বংশালে অভিযান চালিয়ে একটি কারখানা থেকে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। সোমবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর চকবাজার ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মামুন নামে এক ব্যক্তির হেয়ার অয়েল কারখানায় নকল প্রসাধনী উৎপাদনের প্রমাণ পাওয়ায় পণ্য জব্দ ও জরিমানা করা হয়।

সংস্থাটি জানায়, ওই কারখানায় বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল তেল, ডাবর আমলা, কুমারিকা ও কিউট ব্র্যান্ডের হেয়ার অয়েল তৈরি করা হচ্ছিল। এসব পণ্য নিয়মিত বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে অবৈধ এ কারখানাকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানা থেকে প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এর আগেও একই মালিকের বংশালে অবস্থিত আরেকটি কারখানাকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল।

করোনাকালে অভিযান কার্যক্রম কিছুদিন বন্ধ থাকার সুযোগ নিচ্ছে এসব অসাধু ব্যবসায়ী। করোনা সংক্রমণের আগে সিলগালা করে দেওয়া কারখানা মালিকরা নতুন করে অন্য স্থানে আবারও নকল প্রসাধনীর ব্যবসা চালু করেছে বলে জানায় সংস্থাটি।

এ বিষয়ে বিএসটিআইর উপপরিচালক মো. রিয়াজুল হক বলেন, এক জায়গায় বন্ধ করে দেওয়ার পরে একই মালিক অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে আবার নকল পণ্য উৎপাদন করছে। এর আগে মামুনের কারখানা থেকে আড়াই কোটি টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছিল। সোমবার অভিযানে ওই কারখানার পাঁচ কর্মচারী ও বাড়ির মালিককে আটক করে বিএসটিআইতে নিয়ে আসা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে বাসাবাড়িতে এমন কারখানা চালুর সুযোগ দেওয়া হবে না- এমন মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। অবৈধ এ কারখানা মালিক মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এর আগে গত জুন ও জুলাই মাসে আরও দুটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা দুটি থেকে নকল পণ্য জব্দ এবং জরিমানা করা হয়। এখন বিএসটিআইতে প্রায় পাঁচ কোটি টাকার নকল পণ্য মজুদ আছে। এগুলো ডাম্পিংইয়ার্ডে নিয়ে ধ্বংস করা হবে।


আরও পড়ুন

×