ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভালো চাকরির ‘টোপে’ তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করত চক্রটি

র‌্যাবের অভিযানে দুই হোতা গ্রেপ্তার

ভালো চাকরির ‘টোপে’ তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করত চক্রটি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৮:১৮

ঢাকায় ভালো চাকরি দেওয়ার নামে দুই তরুণীকে অসামাজিক কার্যকলাপে জড়াতে বাধ্য করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৪। তারা হলেন– পাভেল মিয়া ও মো. আসাদুজ্জামান। সোমবার মধ্যরাতে গাজীপুর ও রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে পাভেলের পূর্বপরিচয় ছিল। তাদের বাড়ি পাশাপাশি গ্রামে। পাভেল ঢাকার একটি হোটেলে চাকরি করতেন। সেই সূত্রে তরুণীকেও ঢাকায় ভালো চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। তরুণী সরল বিশ্বাসে রাজি হয়ে গত ১০ এপ্রিল পাভেলের সঙ্গে ঢাকায় আসেন। তবে তাকে কোনো চাকরি না দিয়ে মিরপুর এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। এরপর তাকে ভয় দেখিয়ে অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হয়। কিছুদিন পর তরুণীর এক বান্ধবীকেও একইভাবে প্রলোভন দেখিয়ে ঢাকায় আনেন পাভেল। তিনি চক্রের অন্যদের সহায়তায় মোটা অংকের টাকার বিনিময়ে তরুণীদের ফাঁদে ফেলে বিভিন্ন হোটেলে অসামাজিক কাজে বাধ্য করতেন। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের শারীরিক নির্যাতনসহ মেরে ফেলার হুমকি দিয়ে বাসায় তালাবদ্ধ করে রাখা হত। একপর্যায়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান। থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
 
র‌্যাব আরও জানায়, এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা হয়। র‌্যাব-৪ এর একটি দল ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ছায়াতদন্ত শুরু করে। শেষে আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুর ও গুলশান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই হোতাকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজতে থাকা দুই ভুক্তভোগী তরুণীকেও উদ্ধার করা হয়। 

জানা গেছে, চাকরির প্রলোভন দেখানো ছাড়াও পাভেল নিজের বিয়ের কথা গোপন রেখে ভুয়া কাবিননামায় একাধিক বিয়ে করে তাদেরও অসামাজিক কাজেও বাধ্য করেছেন।

আরও পড়ুন

×