ভাটারায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১, গুলিবিদ্ধ তিনজন গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:৪২
রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' লাভলু মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতরা হলেন- সেলিম চৌকিদার, রাসেল ও কামাল হোসেন। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ও আহত তিনজন ডাকাত দলের সদস্য। তারা র্যাব পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের কাছ থেকে দুটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, র্যাবের তিনটি জ্যাকেট, দুটি ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া, একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
নিহত লাভলুর স্ত্রী আনোয়ারা বেগম জানান, লাভলুর বাবার নাম হাবিবুর রহমান। বাসা গাজীপুরের চৌরাস্তা এলাকায়। সেখানে তার কাপড়ের ব্যবসা ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে বেকার। বুধবার সকালে বাসা থেকে বের হয় ঢাকায় আসার কথা বলে। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। খবর পেয়ে গতকাল সকালে আনোয়ারা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। লাভলুর বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করেন আনোয়ারা।
পুলিশ জানায়, বুধবার রাতে ভাটারা এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবির উত্তরের একটি দল। রাত পৌনে ২টার দিকে ১০০ ফিট রাস্তার এক নম্বর সেতুর কাছে একটি সাদা রঙের মাইক্রোবাস দেখা যায়। দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ডিবির দল চ্যালেঞ্জ করলে ডাকাত সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাভলুকে মৃত ঘোষণা করেন।
গত ১৯ অক্টোবর মেরুল বাড্ডার প্রগতি সরণিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা র্যাব পরিচয়ে যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে। এক যাত্রীকে জোর করে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলা হয়। পরে তার কাছে থাকা পাঁচ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে ডেমরা সেতুতে ফেলে যায়। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগের গুলশান জোনাল টিম ছায়াতদন্ত করে। তদন্তে ডাকাত দল সম্পর্কে তথ্য পেয়ে ডিবি এ অভিযানে যায়।
- বিষয় :
- রাজধানী
- বন্দুকযুদ্ধ