ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পল্লবীতে শিশু হত্যা

আসামি সোহেল আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল: ডিবি

আসামি সোহেল আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল: ডিবি
×

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৪:৩৭

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে জমা দেওয়া হবে। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। স্বভাব-চরিত্রও খারাপ ছিল।

তিনি জানান, মামলার চার্জশিট দেওয়ার আগে ডিএনএ টেস্ট করতে হবে। এ জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে প্রক্রিয়া চলছে। ডিএনএ পরীক্ষায় ৪৮ ঘণ্টা সময় লাগে। রোববার দুপুরের মধ্যে পরীক্ষা শেষ হবে। এরপর রোববারের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দ্রুততম সময়ে বিচার কার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা থাকবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। আর সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

আরও পড়ুন

×