স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৫:৩২
দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ও মিরপুর- দুই শাখা মিলিয়ে ২৬৮ জন শিক্ষার্থী সমাপনী সনদ পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় উত্তরা সিনিয়র শাখার এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুজীববিজ্ঞানী ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক ড. সেজুঁতি সাহা। তিনি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ এবং হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা। তারা শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
উত্তরা শাখায় ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে তিনজন ‘অনার’, ১৮ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি পান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈয়দ সামিরুল ইসলাম খান ও নুসাইবা বিনতে হক।
এর আগে মিরপুর শাখায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ড্যানিয়েল ডব্লিউ লান্ড। অনুষ্ঠানে বক্তব্য দেন মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং সিনিয়র অ্যাকাডেমিক সুপারভাইজার তানভিরা খাতুন।
মিরপুর শাখায় ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন ‘অনার’, ১১ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি অর্জন করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন খন্দকার তাহসিব ফাইয়াজ ও জাহরা লাবিবা কবির।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শিক্ষা
