হাজারীবাগে রূপক হত্যায় বন্ধু আটক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৭:৪৬ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৮:০৮
রাজধানীর হাজারীবাগে আবিদ হোসেন রূপক হত্যার ঘটনায় তার বন্ধু জাহিদুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে জাহিদুল।
হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, নিহত রূপকের সঙ্গে জাহিদুলের দুই বছরের বন্ধুত্ব। দু'জনই এলাকায় বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। সপ্তাহ খানেক আগে জাহিদুল রূপককে একটি মোবাইল ফোন সেট বিক্রির জন্য দেয়। তবে সেটি বিক্রির টাকা না পাওয়ায় জাহিদুল রূপককে তাগাদা দিতে থাকে। একপর্যায়ে রূপক জাহিদুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গত বুধবার রাত ১১টার দিকে জাহিদুল রূপকের বাসার কাছাকাছি ছোট গলির মধ্যে অবস্থান নেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে রূপককে দেখতে পেয়ে ধারালো ছুরি দিয়ে তার বুক, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায় জাহিদুল।
এ সময় রূপকের চিৎকারে আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝাউচর লাইফ অ্যান্ড কেয়ার হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে প্রয়াত ঘোষণা করেন।
- বিষয় :
- রুপক হত্যা
- আটক
- বন্ধু
