বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে নেতারা দল ছাড়ছেন: তথ্যমন্ত্রী
আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৯:৪৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ১০:২৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি নেতারা দল ছাড়ছেন। বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে এর আগে দলের কেন্দ্রীয় নেতারা দল ছেড়েছেন। আরও অনেকে দল থেকে পদত্যাগ করবেন বলে নাম শোনা যাচ্ছে।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বাগত বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান।
তথ্যমন্ত্রী বলেন, দূর থেকে স্কাইপের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করার ফল হচ্ছে গণহারে দলত্যাগ। বিএনপি নেতা মোর্শেদ খান নিজেই বলেছেন, বিএনপি জাতীয়তাবাদী স্কাইপে দলে রূপান্তরিত হয়েছে। নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষা তথা কারিগরি শক্তির প্রসার ঘটাতে হবে। দক্ষ কারিগরি শক্তি না থাকায় আমাদের দেশে বিদেশিরা কাজ করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। দেশে বেশি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সামগ্রিক দক্ষতার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। উন্নত বিশ্ব মানবসম্পদ উন্নয়নে প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। আলোচনা অনুষ্ঠানের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আইডিইবি ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ও র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তথ্যমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়।
- বিষয় :
- ড. হাছান মাহমুদ
- তথ্যমন্ত্রী
