ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

মিরপুরে ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুরে ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি টিনের ঘর থেকে আল-আমিন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ঘরের পাশেই আরেকটি টিনের ঘরে তাঁর বোনেরা থাকলেও গত দুই-তিনদিন তারা ভাইয়ের কোনো খোঁজ নেননি, তাঁকে দেখেনওনি। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে এর উৎস খোঁজা শুরু করেন। তারা ভেবেছিলেন, হয়তো কোনো কুকুর-বিড়াল মারা গেছে। তবে শেষ পর্যন্ত ওই যুবকের ঘরের দরজা ভেঙে মরদেহটি দেখতে পান। 

কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
রাজধানীর ডেমরায় পুলিশ লাইন্সের বহুতল ভবনের একটি ঘর থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। 

ম্যানহোলে নেমে নিখোঁজ মিলনের লাশ উদ্ধার
পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে ম্যানহোলে নেমে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মী মিলনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সমকালকে জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁকে উদ্ধারের চেষ্টা চলছিল। অবশেষে শুক্রবার তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ড্রেন পরিষ্কারের কাজ করতেন বলে তিনি ‘ডুবুরি মিলন’ নামে পরিচিত ছিলেন। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ড্রেন পরিষ্কারের জন্য শরীরের সঙ্গে দড়ি বেঁধে একটি ম্যানহোলের ভেতরে নামেন মিলন। ঘণ্টাখানেক পর সেই দড়ি ছিঁড়ে যায়। তখন থেকেই তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

×