দৃষ্টিপ্রতিবন্ধী রাসেল পেল ‘চেঞ্জমেকার অ্যাওয়ার্ড’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২২:২১
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ‘চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ রাসেল।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন।
বি-স্ক্যান জানায়, ফেসবুকভিত্তিক জনমত জরিপে সর্বাধিক ভোট পেয়ে ‘বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানের বিজয়ীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং ১০ হাজার টাকার প্রতিকী চেক তুলে দেওয়া হয়।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দৃষ্টিপ্রতিবন্ধী আইটি প্রশিক্ষক, অধিকারকর্মী ও সংগঠক হিসেবে কাজ করে আসছেন রাসেল। তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এ পর্যন্ত তিনি এক হাজার ২০০ জনেরও বেশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে কম্পিউটার, স্ক্রিন রিডার প্রযুক্তি, স্মার্টফোন অ্যাক্সেসিবিলিটি, আইসিটি দক্ষতা এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলায়মান রাসেল, সাবেক ব্যাংকার লিয়াকত আলী খান চন্দন, বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব, পরিচালক ইফতেখার মাহমুদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অ্যাওয়ার্ড