দক্ষিণখানে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মালপত্র লুট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৩:২৫
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাসার মালপত্রও লুট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফায়দাবাদ এলাকার জামতলা গলির একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সারা রোকসানা পিনু (৪২)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, পিনুর এক মেয়ে। মেয়েকে নিয়ে ওই বাসায় স্বামী সোহেল রানার সঙ্গে থাকতেন তিনি। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পিনুর মেয়ে স্কুল থেকে ফিরে জানালার গ্রিল কাটা দেখতে পায়। ঘরে ঢুকে মাকে বিছানায় মুখের ওপর বালিশ দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে। ডাকাডাকিতে সাড়া না পেয়ে সে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। পরে তাঁর বাবাকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসায় গৃহবধূর মরদেহ বিছানায় পড়ে ছিল। বাসার মালপত্র লুটের আলামতও পাওয়া গেছে।
মির্জা তারেক আহমেদ বেগ বলেন, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢুকে তাঁকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।