ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকটে বিক্ষোভ জামায়াতের, পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি

গ্যাস সংকটে বিক্ষোভ জামায়াতের, পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২০:১৭

গ্যাস সংকটের প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। দ্রুত সংকটের সমাধান ও গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

উত্তরা রাজউক কলেজের সামনে সমাবেশে মহানগর আমির সেলিম উদ্দিন বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের পর মিছিল করা হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু মুখে মুখে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেন মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।

আরও পড়ুন

×