ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চেকপোস্টে মিলল ২৬ লাখ টাকা, উৎস জানাতে না পারায় আটক ২

চেকপোস্টে মিলল ২৬ লাখ টাকা, উৎস জানাতে না পারায় আটক ২
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২২:১২

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে উদ্ধার করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা। টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।

পরে পুলিশ নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করে থানায় নিয়ে যায়। পরে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার আটক দুইজনকে আদালতে পাঠানো হয়।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আটক দুইজনকে আদালতে পাঠানোর পর আদালত তাদের জামিনের নির্দেশ দেন এবং অর্থের উৎসের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

×